মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

সিরিয়ার সেনাঘাঁটিতে বড় বিস্ফোরণ: আলেপ্পোয় সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:৪১ এএম

সিরিয়ার সেনাঘাঁটিতে বড় বিস্ফোরণ: আলেপ্পোয় সতর্কতা

ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে একটি সেনাঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের পর ধারাবাহিক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠেছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। পুরো ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আলেপ্পোর আল-এইস শহরের কাছে অবস্থিত সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হঠাৎ এই বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

ধারাবাহিক বিস্ফোরণ দীর্ঘ সময় ধরে চলায় উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন আলেপ্পোর জরুরি সেবা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী। নিরাপত্তার স্বার্থে সাধারণ লোকজনকে ওই সামরিক স্থাপনার আশপাশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরে বিকট শব্দে ঘুম ভাঙার পর বাসাবাড়ির ছাদ থেকে দূরবর্তী স্থানে আগুনের বিশাল লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় লোকজনকে বাসা থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব। চিকিৎসা জরুরি পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সব হাসপাতাল ও অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দুর্ঘটনাস্থলে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষ।

দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মধ্যপ্রাচ্যের এই দেশটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করলেও সম্প্রতি বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। চলতি মাসের শুরুতে ইদলিব প্রদেশের একটি অস্ত্রগুদামে প্রাণঘাতী বিস্ফোরণে আরও ১৪ জনের প্রাণহানি ঘটেছিল।