সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:২৬ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিল্লাত। চুক্তি স্বাক্ষরের পরপরই বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকার সংশ্লিষ্ট দায়িত্বশীল কূটনৈতিক ও বেসামরিক বিমান চলাচল সূত্রগুলো এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর শেষে বোয়িং প্রধান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্ক সময় বুধবার বিকেল চারটা ১৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দুটো ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির ভবিষ্যৎ বহরের বড় অংশের আধুনিকায়ন নিয়ে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যকার তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতার মধ্যেই এই নতুন সিদ্ধান্তটি চূড়ান্ত রূপ নিচ্ছে। অতিরিক্ত এই ১১টি বিমান সংগ্রহের বিষয়টি পূর্ববর্তী তিন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে যুক্ত হচ্ছে। এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সাথে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছিল, যার মধ্যে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ মডেলের বিমান অন্তর্ভুক্ত ছিল।
বুধবারের নতুন এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং বিমান সংগ্রহের পরিকল্পনাটি সর্বমোট ২৫টিতে গিয়ে দাঁড়াচ্ছে। তবে নতুন করে যুক্ত হতে যাওয়া ১১টি বিমানের সুনির্দিষ্ট মডেল, মোট ক্রয়মূল্য, অর্থায়নের উৎস ও কাঠামো এবং দেশে হস্তান্তরের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন