মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৪৩ এএম

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২

ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পূর্ব জাপান। প্রবল বৃষ্টি, ব্যাপক বন্যা ও পাহাড়ধসে এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। ঝড়ের প্রভাবে দেশটির আকাশপথ, রেল ও সড়ক যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছেন নয় হাজারের বেশি পরিবারের মানুষ। দুর্যোগে নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার ও সোমবার সকালে ইজু দ্বীপপুঞ্জ এবং জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় নজিরবিহীন বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। অতিবৃষ্টির কারণে চিবা প্রিফেকচারের সোদেগাউরা ও কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

ইজু দ্বীপপুঞ্জের ওশিমা দ্বীপে সোমবার বিকেল পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে দফায় দফায় সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইজু দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে ভূমিধসের সর্বোচ্চ অর্থাৎ পাঁচ মাত্রার সতর্কতা বহাল রয়েছে। এছাড়া দ্বীপপুঞ্জের বাকি অংশ, রাজধানী টোকিওর কিছু এলাকা এবং চিবা, কানাগাওয়া, ইবারাকি ও মিয়াগি প্রিফেকচারে চার মাত্রার সতর্কতা জারি রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টোকিও ও এর আশপাশের অঞ্চলের ১৬ লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অল নিপ্পন এয়ারওয়েজ ও জাপান এয়ারলাইনসের প্রায় ৩০০ ফ্লাইট। স্থগিত রাখা হয়েছে ট্রেন চলাচল ও সড়ক পরিবহন। প্রাকৃতিক এই দুর্যোগের প্রভাব পড়েছে চলমান এশিয়ান গেমসেও। মধ্য জাপানের আইচি প্রিফেকচারে অনুষ্ঠিতব্য অশ্বারোহণের অল-অ্যারাউন্ড প্রতিযোগিতা ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে টাইফুন দুজুয়ান জাপানের পূর্ব উপকূল সংলগ্ন সমুদ্রে অবস্থান করছিল এবং এটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে কান্টো অঞ্চল ও ইজু দ্বীপপুঞ্জে নতুন করে আকস্মিক বন্যা ও পাহাড়ধসের উচ্চ ঝুঁকি রয়ে গেছে বলে স্থানীয়দের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।