মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
প্রাকৃতিক দুর্যোগ

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২ ও নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:০১ পিএম

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২ ও নিখোঁজ ৪

জাপানে আঘাত হানা শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে রাজধানী টোকিওর আশপাশের এলাকায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

ঝড়ের পর বৃহত্তর টোকিও এলাকায় এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় কর্তৃপক্ষ অন্তত ১৬ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেয়। এই তাণ্ডবে যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দেয়। সোমবার টাইফুন দুজুয়ান ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে টোকিওর নিকটবর্তী কাৎসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চল দিয়ে উপকূলে আঘাত হানে। ঝড়ে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে টোকিওর পার্শ্ববর্তী চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টির কারণে দেখা দেয় ব্যাপক বন্যা ও ভয়াবহ ভূমিধস। চিবা প্রিফেকচারে এক ব্যক্তি এক্সকাভেটরসহ ভূমিধসের নিচে চাপা পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কানাগাওয়াতে একটি বসতবাড়ি কাদার স্রোতের নিচে চাপা পড়লে এক নারী প্রাণ হারান।

চিবা, কানাগাওয়া ও ইবারাকি প্রিফেকচারে বহু ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানকার প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায় এবং স্থানীয় রেল ও বিমান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। মঙ্গলবার ভোররাতে ঝড়টি উপকূলীয় অঞ্চল ছেড়ে উত্তর-পূর্ব দিকে সাগরের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বাতাসের শক্তি কিছুটা হ্রাস পায়। আবহাওয়া সতর্কবার্তা জারি থাকা এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে নতুন করে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা তৈরি হয়েছে। যোগাযোগ খাতের বিপর্যয়ে সোমবার জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করায় হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েন। একই সাথে টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী দ্রুতগতির বুলেট ট্রেনসহ নিয়মিত রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টির পরিমাণ সেপ্টেম্বর মাসের স্বাভাবিক গড় রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। দুজুয়ান চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন।

তথ্যসূত্র: রয়টার্স