সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৪৯ পিএম
শরতের মাঝামাঝি সময়েই দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভোরবেলা দেখা মিলছে হালকা কুয়াশার চাদর।
ভাদ্র ও আশ্বিন মিলিয়ে শরৎকাল হলেও সকালের প্রকৃতিতে এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে শীতের আবহ। ভোরের আলো ফোটার আগে থেকেই খোলা মাঠ, নদী অববাহিকা ও গ্রামীণ পথঘাট ঢেকে যাচ্ছে হালকা থেকে মাঝারি কুয়াশায়। সূর্য ওঠার পর ধীরে ধীরে কুয়াশা মিলিয়ে গেলেও বাতাসে রয়ে যাচ্ছে মৃদু হিমেল ভাব।
ঘাসের ডগায় ও ধানের পাতায় জমছে বিন্দু বিন্দু শিশির। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে ভোরে চলাচলের সময় যানবাহনকে ফগলাইট ব্যবহার করতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, আশ্বিনের শুরুতেই এমন সকালের কুয়াশা ও রাতের শেষভাগে হালকা ঠান্ডা আবহাওয়া সচরাচর আগেভাগেই দেখা যায় না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিবর্তন এবং উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাসের মৃদু প্রবেশের ফলেই এই আকস্মিক কুয়াশার সৃষ্টি হচ্ছে।
দিনের বেলা স্বাভাবিক তাপমাত্রা থাকলেও শেষ রাতের শীতল পরশ মনে করিয়ে দিচ্ছে যে শীত খুব বেশি দূরে নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন