সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০১:২০ পিএম

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা, মা এবং তাদের পাঁচ সন্তান রয়েছেন। গতকাল রোববার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা অঞ্চলের আল-উকাইর-আল-উয়ুন সংযোগ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় ট্রাফিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার তীব্রতায় দুটি দুমড়েমুচড়ে যাওয়া গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম প্রাইভেটকারে থাকা একই পরিবারের সাতজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা, তাদের তিন ছেলে এবং দুই মেয়ে। অপর গাড়িতে অবস্থান করা দুই তরুণও সংঘর্ষের তীব্র আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে দ্রুত চলার সময় হঠাৎ একটি গাড়ির লেন বা গতিপথ পরিবর্তন করাকেই দুর্ঘটনার সম্ভাব্য প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মারাত্মক এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পুলিশ।

খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং সৌদি রেড ক্রিসেন্টের জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। ধুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের নিথর দেহ উদ্ধার করতে দীর্ঘ সময় কাজ করেন উদ্ধারকর্মীরা।