সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:২৬ পিএম
বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাফিকুল (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।
নিহতদের মধ্যে সাফিকুল ও আরাফাত একজন গুরুতর অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে বাসচাপায় প্রাণ হারান। পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাছেদ জানান, গতকাল দিবাগত রাতে আশরাফুল নামের এক ব্যক্তি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচাতে তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত এবং প্রতিবেশী রফিকুল ও সাফিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে অটোরিকশাটি হাসপাতালের মূল ফটকে প্রবেশের মুখে একটি দ্রুতগতির দূরপাল্লার নাইটকোচ সেটিকে সরাসরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাফিকুল ও আরাফাত প্রাণ হারান। অন্যদিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট স্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, স্বজনের মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে যাচ্ছিলেন খাদিজা। পথে রানীরহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি একটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, হাসপাতালের সামনের দুর্ঘটনার পরপরই স্বজনেরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা শনাক্ত করা কঠিন ছিল। পরবর্তীতে পুলিশ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ছাড়া রানীরহাটে নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন