মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
মেসির নতুন ইতিহাস

মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবু জয় অধরা মায়ামির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ১০:২১ এএম

মেসির ফ্রি-কিকে নতুন ইতিহাস, তবু জয় অধরা মায়ামির

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দারুণ রেকর্ড আর লুইস সুয়ারেজের জালের দেখা পাওয়ার ম্যাচেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। ঘরের মাঠে সান দিয়েগোর বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে ২-২ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে স্বাগতিকদের। চোখধাঁধানো এক ফ্রি-কিকে চলতি মৌসুমে নিজের ২০তম গোলটি করেন মেসি। এই গোলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন মৌসুমে ২০ বা তার বেশি গোল করার অনন্য নজির গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। 

লিগের ইতিহাসে তিনি মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি অর্জন করলেন। এর আগে ২০২৩ থেকে ২০২৫ মৌসুম পর্যন্ত লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা এমন মাইলফলক স্পর্শ করেছিলেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠ নু স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় মায়ামি। তবে ম্যাচের ১২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে স্বাগতিকরা। ইয়েপে টেভার্সকভের নিখুঁত থ্রু পাস ধরে ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রায়ার এগিয়ে আসা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপে বল জালে জড়ান।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ম্যাচের ২৪ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে রক্ষণ দেয়ালের জটলা ফাঁকি দিয়ে দুর্দান্ত এক গোল উপহার দেন মেসি। বল পোস্টে লেগে জালে প্রবেশ করলে উল্লাসে ভাসে গ্যালারি। এটি মায়ামির গোলাপি জার্সিতে আর্জেন্টাইন তারকার ১০১তম গোল। সমতায় ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেয় মায়ামি। মেসির সঙ্গে সুয়ারেজ ও রদ্রিগো দে পল মুহুর্মুহু আক্রমণ গড়ে তুললেও সান দিয়েগোর দুর্ভেদ্য রক্ষণে তা আটকে যাচ্ছিল।

অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মায়ামি। দে পলের বাড়ানো নিখুঁত পাস ডি-বক্সের সামনে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৩৯ বছর বয়সী সুয়ারেজ। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ক্ষণগণনা যখন চলছিল, তখনই ম্যাচে ফের আঘাত হানে সফরকারী দল। শেষ মুহূর্তে আবারও টেভার্সকভের পাস থেকে প্রায় একই কায়দায় নিজের দ্বিতীয় গোল করে সান দিয়েগোকে সমতায় ফেরান ড্রায়ার। যোগ করা অতিরিক্ত সময়ে পাল্টা আক্রমণে কিয়েরান সার্জেন্টের নেওয়া জোরালো শট গোলরক্ষক সেন্ট ক্লেয়ার প্রতিহত না করলে ঘরের মাঠেই হারের তিক্ত স্বাদ পেতে হতো মেসিদের। শেষ পর্যন্ত সমতার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই ড্রয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে পড়েছে মায়ামি। নিয়মিত মৌসুমে তাদের হাতে আর মাত্র আটটি ম্যাচ বাকি রয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত ২০ গোলের সঙ্গে ১৩টি অ্যাসিস্ট করে মোট ৩৩টি গোলে সরাসরি ভূমিকা রেখে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। শেষ আট ম্যাচে এই ছন্দ বজায় রাখতে পারলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার ‍‍`ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি‍‍` পুরস্কার জয়ের বিরল নজির গড়বেন এই মহাতারকা।