রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ জন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ১০:০৫ এএম

সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ জন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানীয়, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি এবং একজন সুদানি নাগরিকের প্রাণহানি ঘটেছে।

শনিবার এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

হামলার পর বিমানবন্দরটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতির কারণে সাময়িকভাবে বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রিয়াদের বিমানবন্দরে এই ধারাবাহিক হামলার কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যবসায়িক ও বৈশ্বিক পরিকল্পনা বড় ধাক্কার মুখে পড়েছে। রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও বাণিজ্যের কেন্দ্রে রূপান্তরের যে লক্ষ্য নেওয়া হয়েছিল, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েক সপ্তাহে নির্ধারিত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নানা আয়োজনও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এই হামলার দায় স্বীকার করেছেন।

তিনি দাবি করেন, ইয়েমেনে সৌদি আরবের হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি বাহিনীর অভিযানে ইয়েমেনের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মোহাম্মদ আল-বুখাইতি বলেন, বিশ্বকে একটি বার্তা দিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিয়ের অনুষ্ঠান, শোকসভার হল, হাসপাতাল কিংবা বাজারের মতো বেসামরিক স্থাপনায় হামলা গ্রহণযোগ্য নয়। বিশ্বের যেকোনো প্রান্তের বেসামরিক স্থাপনা যে সুরক্ষার দাবি রাখে, একই নিয়ম ইয়েমেনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে।

এই হামলার ঘটনায় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। তবে ঘটনার পর বিমানবন্দরের দিকে অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে ছুটে যেতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ বিমানবন্দরে প্রবেশের সব পথ সাময়িকভাবে বন্ধ করে দেয়।