রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
ধ্রুব রাঠী মুক্তি

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ১০:৪১ এএম

দিল্লিতে আটকের পর মুক্তি পেলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী

 ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ. শনিবার রাতে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা.

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দেওয়ার আগে ধ্রুব রাঠীকে আটক করা হয়েছিল. এর ফলে তিনি নির্ধারিত ওই বিক্ষোভে অংশ নিতে পারেননি.

এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. রোববারও জন্তর মন্তর বন্ধ রাখা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে.

শনিবার দিল্লির বিভিন্ন স্থান থেকে আনুমানিক তিন হাজার মানুষকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে.

সিজেপির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে আটকের পর বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা শিন্ডে. তিনি জানিয়েছেন, রোববার আবারও জন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করবেন বিক্ষোভকারীরা. প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে.

শিন্ডে আরও বলেন, সরকার ভেবেছিল নেতাদের আটকের পর বিক্ষোভকারীরা পিছু হটবেন, কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন. অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্দোলন দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন.

পুলিশ জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা জমায়েত, মিছিল ও সড়ক অবরোধের ওপর বিধিনিষেধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে.