অক্টোবর ১০, ২০২৬, ১০:৩৩ এএম
ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত পারিবারিক বাসভবন থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, গুরুগ্রামের সেক্টর ছাপ্পান্ন এলাকার সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসভবন অবস্থিত। শনিবার সকাল পৌনে আটটার কিছু পরে ওই বাসায় প্রবেশ করেন দিল্লি পুলিশের সদস্যরা। ওই সময় তার মা দরজা খুলে দেন। এর আগে শুক্রবার গভীর রাতেই প্রায় পঞ্চাশ জন পুলিশ সদস্য বাসাটির বাইরে অবস্থান নেন বলে জানা গেছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা বিক্ষোভে সংহতি জানিয়ে অংশ নিতেই ধ্রুব রাঠি সেখানে এসেছিলেন বলে দাবি করা হচ্ছে। শনিবার দিল্লির যন্তর মন্তরে দলটির এই কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল।
তবে ধ্রুব রাঠিকে হেফাজতে নেওয়ার বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বক্তব্য তখন পর্যন্ত পাওয়া যায়নি।
তথ্যসূত্র: নিউজ১৮

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন