আগস্ট ২৮, ২০২৬, ০৪:১৯ পিএম
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছবি ভার্শনে এবং তার মা সারিকা নিহত হয়েছেন। এ সময় তাদের বহনকারী এসইউভি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৫ আগস্ট সকালে উজ্জান-গারোথ চার লেনের সড়কে রামখেড়ি গ্রামের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয় যে উত্তর প্রদেশের বাসিন্দা ওই দলটি একটি এসইউভি গাড়িতে করে যাতায়াত করছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ট্রাকের পেছনে ভয়াবহভাবে ধাক্কা খায়, যার ফলে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত যাত্রীদের দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, নিহত ছবি ভার্শনে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এবং ইনস্টাগ্রামে তার দুই লাখেরও বেশি অনুসারী ছিল। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভক্ত ও ডিজিটাল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন