সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:২৪ এএম
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। রোববার (২১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পর্তুগাল সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল।
নিউইয়র্কে অবস্থিত পর্তুগালের স্থায়ী মিশনে তিনি এই তথ্য জানান। তিনি আরও বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সব ধরনের সহিংসতা বন্ধ এবং সব জিম্মিকে মুক্তির আহ্বান জানানো হয়েছে। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুজাও এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছেন।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছে ইসরায়েল। দখলদার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, এ স্বীকৃতি সন্ত্রাসবাদীদের জন্য পুরস্কারস্বরূপ।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেন, এই ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ তারা মেনে নেবে না এবং পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের প্রস্তাব তোলা হবে।
পর্তুগালের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া ফ্রান্স, লাক্সেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন