বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ, আহত ১২

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:০৩ এএম

পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ, আহত ১২

ছবি - সংগৃহীত

পাকিস্তানের বালুচিস্তানে একটি চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এই ঘটনাটি এক দিনের মধ্যে একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বালুচিস্তানের মাস্টাং এলাকার স্পিজেন্ডে কোয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে এই বিস্ফোরণ ঘটে।

রেলওয়ের তথ্যমতে, পেশাওয়ার থেকে আসা ট্রেনের ছয়টি বগি রেললাইনে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়, এতে ১২ জন যাত্রী আহত হন।

এর মাত্র ১০ ঘণ্টা আগে একই এলাকায় পেশোয়ারগামী একটি ট্রেনের মূল লাইনের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটেছিল। তবে তখন ট্র্যাকের কোনো ক্ষতি হয়নি।

পুলিশ জানিয়েছে, স্পিজেন্ড এলাকায় ট্র্যাকের ওপর বিস্ফোরক বসিয়ে রাখা হয়েছিল এবং ট্রেন পার হওয়ার সময় তা ফাটানো হয়। আহতদের উদ্ধার করে কাছের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। বিস্ফোরণের সময় ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ বুধবার থেকে শুরু হবে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে।