বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রণতরী ফুজিয়ানে চীনের নতুন প্রযুক্তি দেখে বিস্মিত যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:০০ এএম

রণতরী ফুজিয়ানে চীনের নতুন প্রযুক্তি দেখে বিস্মিত যুক্তরাষ্ট্র

ছবি - সংগৃহীত

চীনের সর্বাধুনিক রণতরী ‘ফুজিয়ান’ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সফলভাবে উড্ডয়ন করার পর বিস্মিত হয়েছে যুক্তরাষ্ট্র। যে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম (ইএমএএলএস) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা এত দিন শুধু যুক্তরাষ্ট্রের হাতে ছিল।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টিলথ ফাইটার এবং কেজে-৬০০ আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট ইএমএএলএস প্রযুক্তি ব্যবহার করে আকাশে উড়ছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই সাফল্য শুধু প্রযুক্তিগত নয়, এটি কৌশলগতভাবেও চীনের জন্য একটি বড় অগ্রগতি। এই প্রযুক্তির ফলে ফুজিয়ান রণতরী থেকে ভারী অস্ত্র ও জ্বালানি নিয়ে যুদ্ধবিমানগুলো আরও দূরবর্তী স্থানে হামলা করতে পারবে।

যদিও যুক্তরাষ্ট্র তাদের সর্বাধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে একই প্রযুক্তি ব্যবহার করে, তবে একটি বড় পার্থক্য হলো, মার্কিন রণতরীগুলো পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অন্যদিকে, ফুজিয়ান এখনও প্রচলিত জ্বালানিতে চলে, যার ফলে নির্দিষ্ট সময় পরপর জ্বালানি সংগ্রহের জন্য তাকে বন্দরে ফিরতে হয়।

বেইজিং সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের প্রধান অ্যাডাম স্মিথ সতর্ক করে বলেন, চীন দ্রুত বর্ধনশীল একটি সামরিক ও পারমাণবিক শক্তি। তিনি মনে করেন, নিয়মিত আলোচনার অভাব দুই দেশের মধ্যে বিপজ্জনক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে।