রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৫৮ এএম

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

ছবি - সংগৃহীত

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বন্দরে পাকিস্তানের একটি জ্বালানি ট্যাঙ্কারে ইসরায়েলি ড্রোনের হামলা। ক্রুদের বন্দি করার পর মুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা।

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার সরাসরি ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে একটি পাকিস্তানি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের একটি বন্দরে অবস্থানকালে গত ১৭ সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে, যা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ট্যাঙ্কারটিতে ২৪ জন পাকিস্তানি নাগরিকসহ মোট ২৭ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে শ্রীলঙ্কা ও নেপালেরও দুজন করে ক্রু ছিলেন। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, ট্যাঙ্কারটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাস ইসা বন্দরে অবস্থান করছিল। হামলার পরপরই ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ট্যাঙ্কারের পাকিস্তানি ক্যাপ্টেনসহ ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হামলার প্রতিক্রিয়ায় হুথি নৌযান এসে ট্যাঙ্কারটিকে থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে।

তবে এখানে স্বস্তির খবর হলো, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবে থাকা পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় ট্যাঙ্কার ও তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে জাহাজটি ইয়েমেনের জলসীমার বাইরে নিরাপদ স্থানে পৌঁছেছে। মন্ত্রী নকভি সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দূতাবাসগুলো ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা নেয়। পরিবারগুলোর সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে এবং লোহিত সাগরে ইসরায়েল-সম্পর্কিত জাহাজে বারবার হামলা চালাচ্ছে। এর জবাবে ইসরায়েলও হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। পাকিস্তানের ট্যাঙ্কারে এই হামলা মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আঞ্চলিক বিস্তারকেই নির্দেশ করে।