সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:০২ পিএম
ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা) এই ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পালোমপন শহরের পশ্চিমে, ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প এতটা অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা আশপাশের এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।ইউএসজিএস-এর প্রাথমিক মডেল অনুযায়ী, এই মাত্রার ভূমিকম্পে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে এবং দুর্বল বা অপরিকল্পিত ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে, যেহেতু এটি অগভীর ভূমিকম্প, তাই স্থানীয়ভাবে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
মার্কিন জরিপ সংস্থা অনুমান করছে যে, ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন। সেখানকার অনেক এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে এবং মানুষ আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ইউএসজিএস সতর্ক করেছে যে, প্রবল কম্পনের কারণে দুর্বল বা খারাপভাবে নির্মিত ভবন ভেঙে পড়তে পারে, আর সাধারণত ভালোভাবে নির্মিত ভবনেও সামান্য থেকে মাঝারি ক্ষয়ক্ষতি হতে পারে।
সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে। যদিও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যায়নি, তবে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে এবং মানুষকে সতর্ক থাকতে ও প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন