রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ০৯:৫০ এএম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০

ছবি - সংগৃহীত

মিসরে যখন গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, ঠিক সেই সময়েই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (৬ অক্টোবর) আলোচনা শুরুর দিনেই ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে তিনজন মানবিক সহায়তা নেওয়ার জন্য অপেক্ষারত ছিলেন। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানানো সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে, সোমবার মিশরের শারম আল-শেখ শহরে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলি ও হামাস প্রতিনিধিদলের মধ্যে পরোক্ষ আলোচনার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে এই আলোচনা চলছে। রয়টার্স জানিয়েছে, সোমবারের আলোচনা শেষে মঙ্গলবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে।

গাজা যুদ্ধের দুই বছর পূর্তির প্রাক্কালে এই আলোচনাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন, উভয় পক্ষ তার প্রস্তাবে সম্মত হয়েছে এবং তিনি দ্রুত অগ্রগতি চান। তবে, ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, তাদের সেনাবাহিনী ‘প্রতিরক্ষামূলক কার্যক্রম’ চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ফলে, আলোচনার টেবিলে আশার আলোর পাশাপাশি মাঠের রক্তক্ষয়ী বাস্তবতা নিয়ে তীব্র অনিশ্চয়তা রয়ে গেছে।