অক্টোবর ৭, ২০২৫, ০৯:৫৯ এএম
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার কটক শহরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে শুরু হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন শহরজুড়ে কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে দরগা বাজার এলাকায় একটি বিসর্জন শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। যা পরবর্তীতে পাথর নিক্ষেপ ও সংঘর্ষে রূপ নেয়। এতে কটকের ডেপুটি পুলিশ কমিশনারসহ অন্তত ২৫ জন আহত হন।
এই ঘটনার জেরে রোববার বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি মোটরসাইকেল র্যালি বের করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
গুজব ছড়ানো রোধ করতে এবং শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসন রোববার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কটক পৌরসভা ও সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি এখনো থমথমে এবং শহরজুড়ে বিপুল সংখ্যক পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন