রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ ১১ সেনা সদস্য নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৪:৫৯ পিএম

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ ১১ সেনা সদস্য নিহত

ছবি - সংগৃহীত

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম জেলায় একটি সামরিক কনভয়ের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের সামরিক কনভয়টি কুররম জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় প্রথমে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বিপুল সংখ্যক সশস্ত্র জঙ্গি কনভয়ের গাড়িগুলোকে লক্ষ্য করে একযোগে গুলিবর্ষণ শুরু করে। অতর্কিত এই হামলায় ঘটনাস্থলেই সেনা সদস্যরা প্রাণ হারান।

এদিকে, এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির পক্ষ থেকে রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের যোদ্ধারাই এই হামলা চালিয়েছে।

এই ঘটনা নিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইসলামাবাদ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, টিটিপির মতো জঙ্গি সংগঠনগুলো আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায়, যদিও কাবুল কর্তৃপক্ষ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।