রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এ বছর নোবেল পাচ্ছেন না ট্রাম্প!

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৫:০১ পিএম

এ বছর নোবেল পাচ্ছেন না ট্রাম্প!

ছবি - সংগৃহীত

আগামী শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে। এবারের পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধে তার সাম্প্রতিক উদ্যোগের জন্য। তবে নোবেল বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে, ট্রাম্পের প্রবল আকাঙ্ক্ষা সত্ত্বেও এ বছর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তার হাতে উঠছে না।

 এএফপি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প নিজে একাধিকবার দাবি করেছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং বাণিজ্য যুদ্ধ শুরুর মতো পদক্ষেপগুলো নোবেলের মূল চেতনা—‘আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সহযোগিতা’—এর পরিপন্থী।

সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন এএফপিকে বলেন, “না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। তবে হয়তো পরের বছর পেতে পারেন, যখন তার উদ্যোগগুলোর ফলাফল আরও স্পষ্ট হবে।”একই ধরনের মত দিয়েছেন অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার। তিনি বলেন, “গাজায় শান্তি আনার প্রচেষ্টার বাইরেও আমরা ট্রাম্পের এমন অনেক নীতি দেখেছি, যা নোবেলের (আলফ্রেড নোবেল) উইলে লেখা উদ্দেশ্যের সঙ্গে মেলে না।”

বিশেষজ্ঞরা মনে করছেন, নোবেল কমিটি সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার মতো ‘ক্লাসিক’ শান্তি পুরস্কারের দিকেই বেশি ঝুঁকছে। এ বছর সুদানের যুদ্ধবিধ্বস্ত মানুষদের সহায়তাকারী স্বেচ্ছাসেবক দল ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ এবং রুশ নেতা অ্যালেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়ার মতো নামগুলোও আলোচনায় রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, ট্রাম্পের মতো বিতর্কিত কোনো ব্যক্তির পরিবর্তে তুলনামূলকভাবে কম বিতর্কিত কোনো ব্যক্তি বা সংস্থাই এবার শান্তিতে নোবেল পেতে পারে।