অক্টোবর ৮, ২০২৫, ০৬:১৫ পিএম
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ‘গণহত্যায় সহযোগিতার’ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী মেলোনি নিজেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, ইতালির বেশ কয়েকজন আইনের অধ্যাপক, আইনজীবী এবং সুপরিচিত ব্যক্তিদের একটি দল এই মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করার মাধ্যমে ইতালি সরকার গাজায় চলমান গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধে সহায়তা করেছে।
মামলায় প্রধানমন্ত্রী মেলোনির পাশাপাশি ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানির নামও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।এক সাক্ষাৎকারে মেলোনি জানান, তিনি এই আইনি পদক্ষেপের বিষয়ে অবগত আছেন। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইতালির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ চলছে।
যদিও মেলোনির সরকার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তবে সম্প্রতি তারা গাজায় ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ সমালোচনা করেছে।উল্লেখ্য, একই ধরনের অভিযোগে আইসিসি ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত দুই বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন