রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভয়ঙ্কর টাইফুন হালোং’এর কবলে জাপান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৪:৪৩ পিএম

ভয়ঙ্কর টাইফুন হালোং’এর কবলে জাপান

ছবি - সংগৃহীত

প্রবল শক্তিশালী টাইফুন ‘হালোং’ জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাইফুনটি দেশটির ইজু দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করার সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর প্রভাবে বুধবার রাত থেকেই ওই অঞ্চলে তীব্র ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় এবং উপকূলে বিশালাকার ঢেউ আছড়ে পড়ছে।

জাপানের গণমাধ্যম ‘জাপান টুডে’ জানিয়েছে, ইজু দ্বীপপুঞ্জের কিছু অংশে এরই মধ্যে প্রায় ২০৭ মিলিমিটার পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) টাইফুনের প্রভাবে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ওই অঞ্চলে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনটি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে অগ্রসর হচ্ছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ বুধবার থেকেই উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল। সকল মাছ ধরার নৌকা ও বাণিজ্যিক জাহাজকে বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।টাইফুন ‘হালোং’ ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে টোকিওসহ জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলেও ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।