অক্টোবর ১০, ২০২৫, ০৯:৪৯ এএম
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এই ভূমিকম্পের পর দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজিএবং প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানয় শহরের কাছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর উৎপত্তিস্থলের কারণে সুনামির ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। ফিলিপাইনের সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষদের অবিলম্বে উঁচু স্থানে বা উপকূল থেকে দূরে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রেখেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছে। ভূমিকম্পের পর ওই অঞ্চলে বেশ কয়েকটি পরবর্তী কম্পনঅনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন