সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজায় গণহত্যা বন্ধের সকল প্রচেষ্টাকে তুরস্ক সমর্থন করে: এরদোয়ান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৮:৫৪ পিএম

গাজায় গণহত্যা বন্ধের সকল প্রচেষ্টাকে তুরস্ক সমর্থন করে: এরদোয়ান

ছবি - সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, “দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে যে কোনো প্রকল্প বা চুক্তিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি।” তিনি বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের যেকোনো উদ্যোগে তুরস্ক পূর্ণ সমর্থন জানাবে।শনিবার (১১ অক্টোবর) তুরস্কের কৃষ্ণ সাগর তীরবর্তী শহর রাইজে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে এরদোয়ান আশা প্রকাশ করেন,

এই চুক্তি ফিলিস্তিনি অঞ্চলে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি বলেন, “ফিলিস্তিনি ভাইবোনেরা, বিশেষ করে হামাস, শান্তির জন্য যে তারা প্রস্তুত, তা ইতোমধ্যেই প্রমাণ করেছে।”একই সঙ্গে তিনি ইসরায়েলি সরকারকে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সকল শর্ত কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানান। এরদোয়ান বলেন, “এখন ইসরায়েলকে তার দেওয়া প্রতিশ্রুতিতে অবিচল থাকতে হবে এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল আগ্রাসী নীতিমালা পরিত্যাগ করতে হবে।”

তুর্কি প্রেসিডেন্ট আরও জোর দিয়ে বলেন, তুরস্ক সবসময় গাজা ও ফিলিস্তিনি জনগণের মানবিক সহায়তা এবং তাদের শান্তি ও স্বাধীনতার সংগ্রামে পাশে থাকবে।উল্লেখ্য, এই যুদ্ধবিরতি চুক্তিতে তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।