অক্টোবর ১২, ২০২৫, ১০:৩০ পিএম
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতে সাময়িক বিরতি এসেছে কাতার ও সৌদি আরবের কূটনৈতিক হস্তক্ষেপে। আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, বন্ধুপ্রতিম এই দুটি দেশের অনুরোধে সাড়া দিয়ে তারা পাকিস্তানের ওপর তাদের ‘প্রতিশোধমূলক’ হামলা আপাতত বন্ধ রেখেছে।রোববার (১২ অক্টোবর) আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই তথ্য জানান।
তবে, হামলা বন্ধের ঘোষণার পাশাপাশি তিনি দাবি করেন, তাদের হামলায় অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।অন্যদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আফগানিস্তানের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অভিযানে আফগানিস্তানের সঙ্গে জড়িত ২০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।এই পাল্টাপাল্টি দাবির মধ্যেই জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতিটি হামলারই জবাব দেওয়া হবে।
” তিনি অভিযোগ করেন, পাকিস্তান তাদের ভূখণ্ডে আইএস (আইএসআইএস) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানি তালেবান (টিটিপি) প্রধানকে লক্ষ্য করে এক বিমান হামলার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়। সেই হামলার জন্যই ইসলামাবাদকে দায়ী করে আফগানিস্তান সীমান্তে প্রতিশোধমূলক হামলা শুরু করে। কাতার ও সৌদির মধ্যস্থতায় আপাতত হামলা বন্ধ হলেও, দুই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন