অক্টোবর ১৩, ২০২৫, ০১:০৯ পিএম
ফিলিস্তিনের গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরে বিশ্বনেতাদের অংশগ্রহণে যে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, তাতে যোগ দেওয়ার আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে এবং নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তাদের সঙ্গে এক টেবিলে বসা সম্ভব নয়।সোমবার (১৩ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি তার পোস্টে লেখেন, “সম্মেলনে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট (মাসুদ) পেজেশকিয়ান বা আমি কেউই এমন কোনো প্রতিপক্ষের সঙ্গে সংলাপে বসতে পারি না, যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে এবং আমাদের হুমকি ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।”তার এই ‘আক্রমণ’-এর ইঙ্গিতটি মূলত গত
জুন মাসে সংঘটিত ১২ দিনব্যাপী এক সংক্ষিপ্ত যুদ্ধের দিকে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর জবাবে ইরানও ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।আব্বাস আরাগচি আরও বলেন, আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও তেহরান গাজায় ‘ইসরায়েলি গণহত্যা’ বন্ধ এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার যেকোনো (প্রকৃত) উদ্যোগকে সমর্থন করে।
উল্লেখ্য, আজ মিশরের শারম আল-শেখ শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ সভাপতিত্বে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। তবে এতে ইসরায়েল, হামাস এবং এখন ইরানের অনুপস্থিতি এই সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন