অক্টোবর ১৪, ২০২৫, ১১:১৮ এএম
ভারতে তৈরি তিনটি কাশির সিরাপে শিল্প কারখানায় ব্যবহৃত বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়ায় এগুলোর বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই দূষিত সিরাপগুলো সেবন করে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ইতোমধ্যে ২০ জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে ডব্লিউএইচও তাদের ‘মেডিকেল প্রোডাক্ট অ্যালার্ট’-এ জানায়, ভারতের তিনটি কোম্পানির তৈরি নির্দিষ্ট ব্যাচের তিনটি কাশির সিরাপে অগ্রহণযোগ্য মাত্রায় ‘ডাইথিলিন গ্লাইকল’ (DEG) পাওয়া গেছে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিষাক্ত।
সতর্কবার্তায় উল্লেখিত ওষুধগুলো হলো:
-
কোল্ডরিফ (Coldrif): প্রস্তুতকারক স্রেসান ফার্মাসিউটিক্যালস।
-
রেসপিফ্রেশ টিআর (Respifresh TR): প্রস্তুতকারক রেডনেক্স ফার্মাসিউটিক্যালস।
-
রিলাইফ (ReLife): প্রস্তুতকারক শেপ ফার্মা।
ডব্লিউএইচও জানিয়েছে, এই সিরাপগুলোতে বিষাক্ত ডাইথিলিন গ্লাইকলের পরিমাণ অনুমোদিত সীমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি ছিল। এই রাসায়নিকটি সাধারণত গাড়ির অ্যান্টিফ্রিজ এবং ব্রেক ফ্লুইড তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি সেবন করলে কিডনি বিকল হওয়াসহ মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (CDSCO) জানিয়েছে, এই(নির্দিষ্ট ব্যাচের) ওষুধগুলো ভারত থেকে আনুষ্ঠানিকভাবে রপ্তানি করা হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে, অনিয়ন্ত্রিত বা অবৈধ উপায়ে এই বিষাক্ত সিরাপগুলো অন্য দেশেও পৌঁছে যেতে পারে। তাই সংস্থাটি সকল দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এই ঘটনার পর ভারতে অভিযুক্ত কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে এবং ‘কোল্ডরিফ’ সিরাপের প্রস্তুতকারক কোম্পানির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন