বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

গাজায় ইসরাইলের হামলায় নিহত ১১ ফিলিস্তিনি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:১৯ এএম

গাজায় ইসরাইলের হামলায় নিহত ১১ ফিলিস্তিনি

ছবি - সংগৃহীত

গাজায় শান্তি চুক্তি স্বাক্ষরের মাত্র আট দিনের মাথায় ভয়াবহ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাজা সিটির জেইতুন মহল্লায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকের শেলে একই ফিলিস্তিনি পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনই শিশু।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আবু শাবান নামক ওই পরিবারটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যাওয়ার সময় তাদের বহনকারী বেসামরিক গাড়িটির ওপর সরাসরি হামলা চালানো হয়।গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’ এবং ‘গণহত্যা’

বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “পরিবারটিকে সতর্ক করা যেত, কিন্তু ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরীহ বেসামরিকদের টার্গেট করেছে। যা ঘটেছে তা প্রমাণ করে যে দখলদাররা এখনও রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়ে যেতে চায়।”

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতার ও মিশরের মতো মধ্যস্থতাকারীদের প্রতি ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করার জন্য অবিলম্বে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।এই ঘটনাটি ভঙ্গুর এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি করেছে।