রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে আবার বাড়ছে স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১০:০১ এএম

বিশ্ববাজারে আবার বাড়ছে স্বর্ণের দাম

ছবি - সংগৃহীত

বিশ্ববাজারে গত দুই দিনে বড় দরপতনের পর আবারও চাঙা হতে শুরু করেছে স্বর্ণের দাম। দীপাবলি উৎসবের পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাজারে স্বর্ণের দামে যে পতন দেখা দিয়েছিল, তা কাটিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরতে শুরু করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহামে এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৫৮ দশমিক ৭৫ দিরহামে বিক্রি হয়েছে।

বৈশ্বিক বাজারেও স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত দুই দিনে প্রায় ছয় শতাংশ দাম কমার পর শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে।বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছিল, যা দাম কমার পেছনে ভূমিকা রাখে। একই সময়ে, স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফ থেকে বিনিয়োগকারীরা বড় অঙ্কের তহবিল তুলে নিয়েছেন, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

তবে এই পতন সত্ত্বেও, বছরজুড়ে স্বর্ণ এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার কমাতে পারে, যা স্বর্ণের বাজারকে চাঙ্গা রাখতে সাহায্য করবে।জুলিয়াস বেয়ারের নেক্সট জেনারেশন রিসার্চ বিভাগের প্রধান কার্স্টেন মেঙ্কে গালফ নিউজকে জানান, স্বর্ণের দামে এমন বড় উত্থানের পর কিছুটা দাম স্থিতিশীল হওয়া বা সাময়িক বিরতি বাজারের জন্য স্বাস্থ্যকর। তিনি মনে করেন, স্বর্ণের বাজারের ভিত্তিগত অবস্থা এখনো অত্যন্ত মজবুত।

নিরাপদ বিনিয়োগের চাহিদা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, সুদ কমার সম্ভাবনা এবং দুর্বল ডলারের বাজার সোনাকে সুবিধাজনক অবস্থানে রাখছে। বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতেই স্বর্ণের মজুত বাড়াচ্ছে, যা স্বর্ণের শক্ত অবস্থানকে আরও স্থায়ী করছে। ব্যবসায়ীরা বলছেন, দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম যদি ৫০০ দিরহামের নিচে থাকে, তবে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে।