রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মরক্কোয় এবার খেঁজুরের বাম্পার ফলন, বাজারে ভরপুর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৫৯ এএম

মরক্কোয় এবার খেঁজুরের বাম্পার ফলন, বাজারে ভরপুর

চলতি বছর মরক্কোর দ্রা–তাফিলালেত অঞ্চল রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদনের পথে রয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এ বছর ফলনের পরিমাণ এবং গুণমান উভয়ই গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। ফলে দেশটির বাজারগুলো খেজুরে সয়লাব হয়ে গেছে।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের এরফুদ এলাকায়, জিজ নদীর তীরে অবস্থিত খেজুর বাগানগুলোতে এরই মধ্যে এক লাখ টনেরও বেশি খেজুর সংগ্রহ করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের মতে, এই অঞ্চলের মধ্যম তাপমাত্রা এবং পূর্ববর্তী মৌসুমের বৃষ্টিপাত খেজুরের বৃদ্ধি ও সময়মতো পাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একজন স্থানীয় কৃষক জানান, সেপ্টেম্ব মাসে বাজারে খেজুরের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলন ভালো হওয়ায় তারা সময়মতো সংগ্রহের কাজ শেষ করার জন্য দ্রুতগতিতে কাজ করছেন। খেজুর পাকার সঙ্গে সঙ্গে বাগানগুলোতে কর্মব্যস্ততা তুঙ্গে উঠেছে।খেজুর সবুজ থেকে সোনালি বা বাদামি রঙে পরিবর্তিত হওয়ার সাথে সাথে কৃষকেরা হাতে কাঁচি বা দা ব্যবহার করে ফল সংগ্রহ করেন। এই প্রক্রিয়ায় বেশ দক্ষতা প্রয়োজন হয়, যেন গাছ এবং ফলের কোনো ক্ষতি না হয়।

অন্য একজন কৃষক জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত তারা খেজুর সংগ্রহে ব্যস্ত থাকেন। বাগানগুলোতে মাঝহুল, বউফগুস, লখালক ও বউস্লিখ-সহ বিভিন্ন জাতের খেজুর উৎপাদন হয়। সংগ্রহ শেষে মাঠে তা ছড়িয়ে রেখে বাছাই এবং শুকানোর কাজ করা হয়।মরক্কোর কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে স্থানীয় বাজারে খেজুরের চাহিদা স্বাভাবিকের চেয়ে বেশি। একইসঙ্গে দেশি-বিদেশি ব্যবসায়ীরাও রপ্তানির জন্য মানসম্মত খেজুর সংগ্রহে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।