অক্টোবর ২৭, ২০২৫, ১০:৫৪ পিএম
ভারত-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের একটি বড় আকারের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান আগামী দুই দিনের জন্য অস্থায়ীভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সোমবার (২৭ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এয়ারপোর্টস অথরিটি (পিএএ) কর্তৃক জারি করা একটি নোটিশ অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ অক্টোবর (মঙ্গল ও বুধবার) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত, অর্থাৎ প্রতিদিন তিন ঘণ্টা করে, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, ভারতের পশ্চিম সীমান্তে সম্ভাব্য সামরিক মহড়ার বিষয়টি বিবেচনায় রেখেই ইসলামাবাদ এই সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারত আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্তঘেঁষে ‘ত্রিশূল ২০২৫’ নামের একটি বৃহৎ যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে। এই মহড়ায় ভারতের স্থল, নৌ ও বিমানবাহিনী একযোগে অংশ নেবে। ওই সময়ে ভারতও তাদের গুজরাট ও রাজস্থানের কিছু অংশে আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এই নতুন উত্তেজনার সূত্রপাত হয়েছিল চলতি বছরের ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত পেহেলগাম এলাকায় এক পর্যটক হামলার ঘটনাকে কেন্দ্র করে। ওই ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। তবে ইসলামাবাদ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করে এবং একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
এই ঘটনার জের ধরে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান (যার মধ্যে রাফালে অন্তর্ভুক্ত) ও ডজনখানেক ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। দুই দেশের মধ্যে প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী এই ভয়াবহ সংঘর্ষের পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন