নভেম্বর ৫, ২০২৫, ১০:৩০ এএম
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উপত্যকার বাসিন্দারা এখনও তীব্র খাদ্য সংকটে রয়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র আবির এতেফা জানিয়েছেন, ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে দাতা সংস্থাগুলোকে ‘সময়ের সঙ্গে প্রতিযোগিতা’ করতে হচ্ছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এতেফা বলেন, গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সাহায্য সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে গাজায় মাত্র দুটি সীমান্ত ক্রসিং খোলা থাকায় WFP ও অন্যান্য সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
WFP বর্তমানে গাজাজুড়ে ৪৪টি খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্য প্যাকেজ সরবরাহ করেছে।তা সত্ত্বেও, এতেফা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। আমরা সময়ের সঙ্গে প্রতিযোগিতা করছি। শীতকাল আসছে। মানুষ এখনো ক্ষুধার্ত এবং চাহিদা অত্যধিক।’
তিনি আরও জানান, গাজায় খাদ্য পৌঁছানোর পরিমাণ প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত এবং উত্তর গাজায় পৌঁছানো এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, উত্তর গাজায় গত আগস্ট মাসে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন