নভেম্বর ৮, ২০২৫, ১২:৪৯ পিএম
গাজায় ইসরাইলের সামরিক অভিযান চলাকালীন ইসরাইলি সামরিক আইনজীবীরা নিজেরাই যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপনের মতো প্রমাণ থাকার বিষয়ে সতর্ক করেছিলেন। গত বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছিল বলে জানিয়েছেন সাবেক পাঁচ মার্কিন কর্মকর্তা। এই অভিযান মূলত মার্কিন অস্ত্রের ওপর নির্ভর করে পরিচালিত হয়েছিল। রয়টার্স একটি বিশেষ সংবাদে এই তথ্য প্রকাশ করেছে।
সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই তথ্য ছিল গাজা যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের শীর্ষ নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো সবচেয়ে উদ্বেগজনক গোয়েন্দা প্রতিবেদনগুলোর একটি। এতে দেখা যায়—ইসরাইলি সামরিক বাহিনীর ভেতরেই যুদ্ধ পরিচালনার বৈধতা নিয়ে সংশয় ছিল, যা সরকারের প্রকাশ্য অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
গোয়েন্দা তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে তীব্র বিতর্ক হয়। আলোচনায় উঠে আসে—ইসরাইল যুদ্ধাপরাধ করছে বলে আনুষ্ঠানিক সিদ্ধান্তে উপনীত হলে মার্কিন আইন অনুসারে দেশটিকে অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করতে হবে।বিতর্ক সত্ত্বেও বাইডেন প্রশাসনের কর্মকর্তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছান যে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক বা মানবিক সহায়তাকারীদের হত্যা করছে—এমন নিজস্ব প্রমাণ যুক্তরাষ্ট্র পায়নি। ফলে অস্ত্র ও গোয়েন্দা সহযোগিতা আইনগতভাবে চালিয়ে যাওয়া যায়।
তবে প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেছিলেন, এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে দুর্বল করেছে এবং ইসরাইলের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইনজীবীরাও সচিব অ্যান্টনি ব্লিংকেনকে আগেই সতর্ক করেছিলেন যে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরাইল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আদালতের এখতিয়ার স্বীকার করেনি। ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ গণহত্যার অভিযোগের মুখোমুখি। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন