নভেম্বর ২১, ২০২৫, ১১:৩১ এএম
নতুন পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে। কমিশন এরই মধ্যে তাদের সুপারিশ তৈরির প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন করেছে এবং আগামী সপ্তাহে সচিবদের মতামত নিয়ে রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে-স্কেলের খসড়া সুপারিশ বলে একটি নথি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এ নিয়ে কথা বলেছেন পে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান।
তিনি গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো ১৫ পৃষ্ঠার সুপারিশপত্রটি কমিশনের তৈরি নয়।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এমন কোনো নথি কমিশনের কাছে নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, কমিশনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া এখনো বাকি আছে এবং আগামী সপ্তাহে সচিবদের সঙ্গে কমিশনের সভা রয়েছে। ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে, তা মিথ্যা।ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া ওই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে, তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে কমিশন নিশ্চিত করেছে।
কমিশন জানায়, বেতনস্কেলের খসড়া সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি এবং কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া বা নথি প্রকাশ বা ফাঁস হয়নি। অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম-লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এই পে-স্কেল বাস্তবায়ন করবে। তবে নবম পে স্কেলের গেজেট ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তারা চলতি নভেম্বরেই এই দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য গত জুলাইয়ের শেষ দিকে সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন