আগস্ট ১৯, ২০২৬, ১১:০৩ এএম
শিক্ষার্থীদের আনন্দ ও খেলাধুলার মাধ্যমে পাঠদান নিশ্চিত করতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে নতুন চারটি পাঠ্যবই যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে-স্কেল বা আলাদা বেতনকাঠামো চালুর পরিকল্পনাও চলছে।
মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক বিশেষ কর্মশালায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন পাঠ্যবইয়ের রূপরেখা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের তিনটি বই যুক্ত করা হবে। এর পরের বছর অর্থাৎ ২০২৮ সালে প্রথম শ্রেণিতেও ‘খেলাধুলা’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
নতুন এই চার পাঠ্যবই পরিমার্জন এবং শিক্ষাক্রম যথাযথভাবে প্রণয়নের জন্য আগামী সপ্তাহের মধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে রাজধানীর পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি চিন্তার কথাও তিনি উল্লেখ করেন।
শিক্ষকদের সামাজিক মর্যাদা ও জাতি গঠনে তাঁদের অসামান্য ভূমিকার কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষকদের মূল্যায়নে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এই উদ্দেশ্যে তাঁদের জন্য আলাদা বেতনকাঠামো চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কর্মশালায় প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন