শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পাবেন যেভাবে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৪৯ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পাবেন যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র সংক্রান্ত সংশোধিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীরা আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। যেভাবে ডাউনলোড করবেন:

১. সরাসরি admit.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। ২. আপনার Username ও Password দিয়ে লগইন করুন। ৩. অথবা, আপনার এসএসসির (SSC) রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করেও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। ৪. প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে টেলিটক (০১৫৫২-১৪৬০৫৬) থেকে এসএমএসের মাধ্যমেও ডাউনলোডের লিংক পাঠানো হচ্ছে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এবং নিজের মূল জাতীয় পরিচয়পত্র (NID/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে।পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, তবে পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্র্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি (যেকোনো প্রকার), ইলেকট্রনিক ডিভাইস, বই বা কোনো প্রকার নোট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারো কাছে এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত হলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। কোনো অসাধু চক্রের প্রতারণা বা ডিজিটাল জালিয়াতি থেকে সাবধান থাকতে অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।