মার্চ ১১, ২০২৬, ০৪:০৮ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ দশম বারের মতো পিছিয়েছে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্বের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুনানি শেষে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ এপ্রিল নতুন দিন ধার্য করেন। আদালত সূত্র ও প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায় যে গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। পথিমধ্যে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হলে মামলাটি সরাসরি হত্যা মামলায় রূপান্তরিত হয়।এর আগে গত ৬ জানুয়ারি এই হত্যাকাণ্ডের তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল গোয়েন্দা পুলিশ বা ডিবি।
তবে ডিবি পুলিশের দেওয়া সেই অভিযোগপত্রের তথ্যে অসন্তোষ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজির আবেদন জানান। গত ১৫ জানুয়ারি সেই আবেদনের ওপর শুনানি শেষে আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর থেকে দীর্ঘ সময় পার হলেও সিআইডি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে পারেনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন