সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৪:১৬ পিএম
অবহেলা ও ভুল চিকিৎসায় পার্সিয়ান জাতের একটি অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যুর অভিযোগে রাজধানীর গুলশানের বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
পোষা বিড়ালটির মালিক মো. আবিবুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ জাহিদুর রহমান গত ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান। শনিবার (২৬ সেপ্টেম্বর) আইনজীবী নিজেই এ তথ্য নিশ্চিত করেন। নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ এনিমেল কেয়ার সেন্টারের মালিক লাবন্য এবং প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. সোলাইমান হোসাইন ও ডা. মো. জুবায়ের।
নোটিশে সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।আইনি নোটিশে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১ মে জন্ম নেওয়া ওই বিড়ালটিকে নিয়মিত চিকিৎসার জন্য গুলশানের ওই ক্লিনিকে নেওয়া হতো। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় বিড়ালটি অন্তঃসত্ত্বা কি না তা পরীক্ষার জন্য ক্লিনিকে নেওয়া হলে সেখানে ডা. সোলাইমান হোসাইন বিড়ালটিকে পরীক্ষা করেন এবং রুচির ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক ও ফ্লুর টিকা প্রয়োগ করেন। চিকিৎসক তখন জানান, বিড়ালটি গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গর্ভে একাধিক ছানা রয়েছে।
পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর দুপুরে বিড়ালটির তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে মালিক ক্লিনিকের হোয়াটসঅ্যাপে জরুরি চিকিৎসা চেয়ে বার্তা পাঠান। প্রতিষ্ঠানটির রিসেপশনিস্টের কথামতো বিবরণ দেওয়া সত্ত্বেও সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়া না মেলায় সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিড়ালটির শ্বাসকষ্টের দুটি ভিডিও ও একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। পরবর্তীতে ভুল চিকিৎসা ও দায়িত্বে চরম অবহেলার কারণেই অন্তঃসত্ত্বা বিড়ালটির মৃত্যু হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন