বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গুমের মামলায় গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৪০ পিএম

গুমের মামলায় গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ

গ্রেপ্তার মামুন খালেদ

গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই কার্যদিবসের সময় মঞ্জুর করেছে আদালত।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামুন খালেদকে গুম সংক্রান্ত একটি সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফহোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালতের কার্যক্রম শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান যে, মামুন খালেদকে এর আগে অন্য একটি মামলায় রিমান্ডে রাখা হয়েছিল। 

রিমান্ড শেষ হওয়ার পর সোমবার তাকে কারাগারে পাঠানো হয় এবং সেখান থেকেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউটরের দাবি অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধের সাথে মামুন খালেদের সরাসরি সম্পৃক্ত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন যে, মামুন খালেদের বিরুদ্ধে সাধারণ মানুষকে তুলে নিয়ে গোপন বন্দিশালা বা আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। 

তিনি মূলত আয়নাঘর তৈরির নেপথ্য কারিগরদের একজন হিসেবে অভিযুক্ত। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন তাকে নিজেদের হেফাজতে নিয়ে এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুনরায় আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য যে, গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তিনি ২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সংস্থাটির মহাপরিচালক পদে আসীন হন। দীর্ঘ সময় ধরে প্রভাবশালী এই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের অসংখ্য অভিযোগ উঠে আসছিল যা এখন আইনি প্রক্রিয়ায় তদন্ত করা হচ্ছে।