রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপি আমির হামজার আগাম জামিন আবেদন হাইকোর্টে

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:৪১ এএম

এমপি আমির হামজার আগাম জামিন আবেদন হাইকোর্টে

আদালতে আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা মানহানির একটি মামলায় আইনি সুরক্ষা পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার আগাম জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আদালত সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। 

এর আগে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেওয়া হলেও তিনি নির্ধারিত দিনে উপস্থিত হননি। ফলে বিচারক তার বিরুদ্ধে কঠোর এই আইনি পদক্ষেপ নেন। 

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেছিলেন।মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। পরবর্তীতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দেন। 

বাদীর অভিযোগ, এই ধরনের মন্তব্য অত্যন্ত গর্হিত এবং এটি সরাসরি ইসলাম ধর্মের অবমাননার শামিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সংক্ষুব্ধ হয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে মামলাটি করেন। আজ হাইকোর্টে জামিন আবেদনের মধ্য দিয়ে মুফতি আমির হামজা সেই মামলার আইনি লড়াই শুরু করলেন।