রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধানমন্ডিতে গৃহকর্মী হত্যা মামলায় প্রকৌশলী ও স্ত্রী রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ১১:৪৪ পিএম

ধানমন্ডিতে গৃহকর্মী হত্যা মামলায় প্রকৌশলী ও স্ত্রী রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে শিশু গৃহকর্মী রিক্তা মনিকে বহুতল ভবন থেকে নিচে ফেলে হত্যার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ঘটনার পর পুলিশ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়।

নিহত শিশুটির বয়স ছিল মাত্র ৯ বছর।

পারিবারিক অসচ্ছলতার কারণে রিক্তা মনি ওই প্রকৌশলীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে এসেছিল। সেখানে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করা হতো বলে ধানমন্ডি থানা সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার সকাল ছয়টার দিকে ধানমন্ডির ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয় এবং পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন এবং বাঁ হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

শনিবার নিহত শিশুর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ওই দম্পতিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী নিশ্চিত করেছেন।