জুন ২৪, ২০২৬, ০৪:০১ পিএম
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত বুধবার এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের মিরপুর শাখার পরিদর্শক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১৮ জুন অভিনেতা আলভী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তখন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ভুক্তভোগী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে অভিনেতার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এই একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন লাভ করেন

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন