বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

শাপলা গণহত্যা মামলায় দীপু মনি ও জিয়াউলসহ ৯ জন ট্রাইব্যুনালে হাজির

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

শাপলা গণহত্যা মামলায় দীপু মনি ও জিয়াউলসহ ৯ জন ট্রাইব্যুনালে হাজির

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ নয়জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাদের হাজির করা হয়।আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে ধরে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, এই মামলায় পলাতক ৩০ আসামির মধ্যে ২০ জনের ক্ষেত্রে ঠিকানায় তাদের খুঁজে পাওয়া যায়নি এবং তাদের নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর হাতে পাওয়া গেছে। বাকি ১০ জনের প্রতিবেদন এখনো এসে পৌঁছায়নি। এছাড়া প্রক্রিয়াগত জটিলতার কারণে হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এই দফায় হাজির করা সম্ভব হয়নি বলে আদালতকে জানানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ওই ঘটনায় মোট ৪১ জন আসামির বিরুদ্ধে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে শাপলা চত্বরে ৩২ জনের প্রাণহানির কথা উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয় অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘটিত অন্যান্য হত্যাযজ্ঞের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সে সময় তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে পরিচালিত অভিযানের নামকরণ নিয়েও প্রসিকিউশনের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

মামলায় অভিযুক্ত প্রধান আসামিদের মধ্যে শেখ হাসিনাসহ মোট ৩১ জনের বিরুদ্ধে ইতিপূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বর্তমানে এই মামলায় দীপু মনি, জিয়াউল আহসান, এ কে এম শহিদুল হক, শাহরিয়ার কবিরসহ মোট ১১ জন আসামি কারাগারে বন্দি রয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা অব্যাহত রয়েছে।