অক্টোবর ১০, ২০২৫, ০৮:৪৩ পিএম
গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক সাবেক ও কর্মরত ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রশ্ন উঠেছে, তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো আইনি বাধা আছে কিনা। আইন বিশেষজ্ঞ এবং অতীতের নজির বলছে, এ ধরনের বিচারে আইনগত কোনো বাধা নেই। বরং সাম্প্রতিক একটি আইন সংশোধনী এই বিচার প্রক্রিয়াকে আরও সহজ করেছে।
আইনজীবীরা বলছেন, (সামরিক) বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে সাধারণ নাগরিকের ওপর সংঘটিত ফৌজদারি অপরাধের বিচার দেশের প্রচলিত আদালতেই হতে পারে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, “সেনাবাহিনীর কোনো সদস্য যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন, তখন তার বিচার সাধারণ আদালতে হতে কোনো বাধা নেই। ইতঃপূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির রয়েছে।”
এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার কথা উল্লেখ করা হয়। ২০১৪ সালের ওই মামলায় র্যাবে কর্মরত তিনজন সেনা কর্মকর্তাকে প্রথমে সামরিক বাহিনী থেকে অবসরে পাঠানো হয় এবং পরবর্তীতে দেশের প্রচলিত ফৌজদারি আইনেই তাদের বিচার ও শাস্তি হয়।
এই বিচার প্রক্রিয়াকে আরও সুস্পষ্ট করেছে গত ৬ অক্টোবর জারি করা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের একটি নতুন সংশোধনী। এই সংশোধনী (ধারা ২০-সি) অনুযায়ী, ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি যদি প্রজাতন্ত্রের কোনো চাকরিতে থাকেন, তবে তাৎক্ষণিকভাবে সেই পদে থাকার অযোগ্য বিবেচিত হবেন।
প্রসিকিউটররা বলছেন, এর ফলে অভিযুক্ত ১৪ জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হলেই তারা চাকরি থেকে অব্যাহতি পাবেন, যা তাদের সাধারণ নাগরিক হিসেবে ট্রাইব্যুনালে বিচারের পথ সুগম করবে।ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীমও বলেছেন, সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই।উল্লেখ্য, গত বুধবার ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, যাদের মধ্যে এই ২৪ জন সেনা কর্মকর্তা রয়েছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন