অক্টোবর ১২, ২০২৫, ১১:৩৭ এএম
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ (রোববার) থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন তাদের যুক্তি তুলে ধরবে, যা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রোববার (১২ অক্টোবর) সকাল থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে, যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী এবং মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করবেন।
সবশেষে রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তি খণ্ডন করবে। এই প্রক্রিয়া শেষ হলেই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। এরপরই বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন।এই মামলায় মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন,
যাদের মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের পিতা এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।মামলায় অভিযুক্ত বাকি দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে ‘রাজসাক্ষী’ হয়েছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন