রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ বিশ্ব লিপস্টিক দিবস, জেনে নিন এর পেছনের ইতিহাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ১২:৫১ পিএম

আজ বিশ্ব লিপস্টিক দিবস, জেনে নিন এর পেছনের ইতিহাস

Ai - ছবি

আজ ২৯ জুলাই, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ন্যাশনাল লিপস্টিক দিবস’। সকালবেলা তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হওয়ার সময় আয়নায় চোখ পড়তেই অনেকের মনে হয়, পোশাক বা ব্যাগ ঠিক থাকলেও ঠোঁটে লিপস্টিক না দিলে সাজ যেন সম্পূর্ণ হয় না। বিভিন্ন জরিপ বলছে, প্রতি চারজন নারীর অন্তত একজন মনে করেন লিপস্টিক ছাড়া বাইরে যাওয়া মানে সাজ ফিকে থাকা।লিপস্টিক কেবল ঠোঁট রাঙানোর প্রসাধনী নয়; অনেকের কাছে এটি আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রকাশের অনন্য মাধ্যম। 

মন খারাপের দিনেও পছন্দের রঙের লিপস্টিক নিমেষে মেজাজ ফুরফুরে করে তুলতে পারে।এই প্রসাধনীর ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরোনো। প্রাচীনকালে মানুষ গাছের শিকড়, ফলের রস ও মোম দিয়ে ঠোঁট রাঙাত। কিন্তু সমাজ সবসময় একে সহজভাবে গ্রহণ করেনি। ব্রিটিশ রানি ভিক্টোরিয়া নারীদের প্রসাধনী ব্যবহার অনুচিত মনে করতেন। তবে বিখ্যাত অভিনেত্রী সারা বার্নহার্ট প্রকাশ্যে লিপস্টিক ব্যবহার করে সেই সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ জানান।

ইতিহাসের সংকটময় মুহূর্তে লিপস্টিক প্রতিবাদের হাতিয়ারও হয়ে উঠেছে। ১৯১২ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নারী ভোটাধিকার আন্দোলনের সময় মহিলারা লাল লিপস্টিক পরে রাজপথে নেমেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল লিপস্টিকের কারখানা বন্ধ করতে দেননি। তিনি বিশ্বাস করতেন, এটি যুদ্ধকালীন সংকটেও নাগরিকদের মনোবল চাঙ্গা রাখে।

অর্থনৈতিক দিক থেকেও এর বাজার বেশ প্রসারিত। বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিকটির মূল্য ছিল প্রায় এক কোটি ৪০ লাখ ডলার, যেখানে আসল হীরা বসানো হয়েছিল। এক সমীক্ষা অনুযায়ী, একজন নারী জীবদ্দশায় গড়ে দেড় হাজার ডলারের বেশি খরচ করেন কেবল লিপস্টিকের পেছনে।দিবসটি পালনের জন্য বিশাল আয়োজনের প্রয়োজন নেই। নিজের প্রিয় শেডের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে একটি চমৎকার সেলফি তুলে তা সামাজিক মাধ্যমে শেয়ার করার মাধ্যমেই দিনটি উদযাপন করা যায়।