বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
ঘরোয়া মসলার স্বাদ

ঘরেই মসলা তৈরির সহজ রেসিপি ও সংরক্ষণ কৌশল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৩৩ এএম

ঘরেই মসলা তৈরির সহজ রেসিপি ও সংরক্ষণ কৌশল

রান্নার আসল স্বাদ ও স্বকীয় বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে সঠিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত মসলার গুরুত্ব অপরিসীম। অনেকেই ডাল, সবজি কিংবা বিরিয়ানির মতো খাবার তৈরিতে বাজার থেকে কেনা প্যাকেটজাত মসলার মিশ্রণের ওপর নির্ভর করে থাকেন। তবে এসব প্যাকেট খোলার পর বাতাস বা আর্দ্রতার সংস্পর্শে এলে দ্রুত সুগন্ধ হারাতে পারে কিংবা নষ্ট হওয়ার উপক্রম হয়। এ কারণে রান্নাঘরের আস্ত মসলা দিয়ে টাটকা মিশ্রণ বানিয়ে রান্না করাকে অনেক বেশি স্বাস্থ্যকর ও কার্যকর মনে করা হয়।

টাটকা মসলা রান্নার গুণমান বহুলাংশে বাড়িয়ে দেয়। ঘরে তৈরি মসলার মিশ্রণ খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি প্রতিটি উপাদানের বিশুদ্ধতা ও সতেজতা নিশ্চিত করার সুযোগ তৈরি করে। সাধারণ কিছু নিয়মে চারটি অপরিহার্য মসলার মিশ্রণ আগেই তৈরি করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করে রাখা সম্ভব। প্রথমেই আসে বহুল ব্যবহৃত গরম মসলার প্রস্তুত প্রণালী। এই মিশ্রণ তৈরিতে প্রয়োজন হবে দুই টেবিল চামচ ধনিয়া, এক টেবিল চামচ জিরা, এক চা চামচ গোলমরিচ, চার থেকে পাঁচটি ছোট এলাচ, দুটি কালো এলাচ, এক ইঞ্চি দারুচিনি, চার থেকে পাঁচটি লবঙ্গ এবং একটি তেজপাতা। রান্নার কড়াইতে কম আঁচে দুই থেকে তিন মিনিট এসব শুকনো মসলা হালকা ভেজে সুগন্ধ বের করে নিতে হবে। মসলাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর মিহি গুঁড়া করে বায়ুরোধী পাত্রে রাখলে এর সতেজতা দীর্ঘদিন বজায় থাকে।

মুখরোচক স্বাদের জন্য দরকার চাট মসলা। চাট মসলা প্রস্তুত করতে প্রয়োজন পড়বে দুই টেবিল চামচ জিরা, এক টেবিল চামচ ধনিয়া, এক টেবিল চামচ বিট লবণ, এক চা চামচ সাধারণ লবণ, এক চা চামচ গোলমরিচ, এক চা চামচ শুকনো আমের গুঁড়া বা আমচুর এবং আধা চা চামচ আদার গুঁড়া। কড়াইতে জিরা ও ধনিয়া মৃদু সুবাস না ছড়ানো পর্যন্ত শুকনো খোলায় ভেজে ঠান্ডা করতে হবে। এরপর এই ভাজা মসলা গুঁড়া করে বিট লবণ, সাধারণ লবণ, আমচুর ও আদার গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি পরিষ্কার ও শুকনো কাচের জারে রাখতে হবে।

দৈনন্দিন রান্নার জন্য জরুরি সবজি মসলা। সবজির তরকারির সুঘ্রাণ বাড়াতে দরকার দুই টেবিল চামচ ধনিয়া, এক টেবিল চামচ জিরা, এক চা চামচ মৌরি, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ গোলমরিচ, চারটি লবঙ্গ এবং এক ইঞ্চি দারুচিনি। আস্ত মসলাগুলো তাওয়ায় সুগন্ধ বের না হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ঠান্ডা করতে হবে। এরপর মসলাগুলো মিহি গুঁড়ো করে নিয়ে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে মিশিয়ে পরিষ্কার জারে সংরক্ষণ করা যায়।

বিরিয়ানির ক্ষেত্রে খাঁটি মসলার কোনো বিকল্প নেই। সুস্বাদু বিরিয়ানি রান্নার মসলা তৈরিতে প্রয়োজন দুই টেবিল চামচ ধনিয়া, এক টেবিল চামচ জিরা, এক টেবিল চামচ গোলমরিচ, দুটি কালো এলাচ, পাঁচটি ছোট এলাচ, ছয়টি লবঙ্গ, এক ইঞ্চি দারুচিনি, একটি স্টার অ্যানাইস বা তারা মৌরি, একটি তেজপাতা এবং এক চা চামচ জয়ত্রী। সমস্ত গোটা মসলা মৃদু তাপে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে যতক্ষণ না তা থেকে সুঘ্রাণ বের হয়। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মসলাগুলো মিহি গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে এবং বিরিয়ানি রান্নার সময় সুবিধা অনুযায়ী তা ব্যবহার করতে হবে।