অক্টোবর ২১, ২০২৫, ১০:২৯ এএম
সকালে ঘুম থেকে উঠেই এক চামচ খাঁটি ঘি খাওয়া, ইদানীং এই অভ্যাসটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মালাইকা অরোরা, শিল্পা শেঠি, কৃতী শ্যাননের মতো অনেক বলিউড তারকাই বলছেন, তারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং হজমশক্তি ভালো রাখতে এই নিয়ম মেনে চলেন। তাদের দেখাদেখি সাধারণ মানুষের মধ্যেও এই প্রবণতা বাড়ছে।
কিন্তু প্রশ্ন হলো, খালি পেটে ঘি খাওয়ার এই অভ্যাস কি সত্যিই সবার জন্য স্বাস্থ্যকর? চিকিৎসকরা কিন্তু এই বিষয়ে সতর্ক করছেন।
বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, ঘি এক ধরনের স্যাচুরেটেড ফ্যাট এবং এর মধ্যে প্রচুর ক্যালোরি থাকে। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেরের মতে, ঘি হলো শতভাগ ট্রাইগ্লিসারাইড ফ্যাট। এটি হজম ভালো করে—এই ধারণার কোনো শক্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তিনি আরও জানান, আগেকার দিনের মানুষ প্রচুর শারীরিক পরিশ্রম করতেন, তাদের জন্য ঘি উপকারী ছিল। কিন্তু বর্তমানের আধুনিক ও তুলনামূলক কম কায়িক পরিশ্রমের জীবনে অতিরিক্ত ঘি, বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ খাওয়ার অভ্যাস হিতে বিপরীত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস নিয়মিত মেনে চললে তা ওজন বাড়িয়ে দিতে পারে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হার্টের সমস্যার ঝুঁকি তৈরি করতে পারে। তাই, তারকাদের দেখাদেখি কোনো ট্রেন্ড অনুসরণ করার আগে নিজের শরীরের অবস্থা এবং লাইফস্টাইল বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন