সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:০২ পিএম
পুলিশ বাহিনীর কেউ ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সরবরাহ করলে বা শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর রাজারবাগে আয়োজিত পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।
শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কেউ কেউ এখনো ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন এবং নানা ধরনের সংবেদনশীল তথ্য পাচার করছেন। এই ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি জানান, অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে প্রচলিত বিভাগীয় শাস্তির বাইরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
একই অনুষ্ঠানে অপরাধ তদন্ত ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আগামী সপ্তাহে পুলিশের নতুন সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নবগঠিত এই বিশেষ ইউনিটের শাখা দেশের সব মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে। থানা এবং জেলা পর্যায়ে সাইবার অপরাধ শনাক্তের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এছাড়া জটিল অপরাধের ডিজিটাল তদন্ত সম্পন্ন করতে পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের স্বয়ংসম্পূর্ণ ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা কাঠামো গড়ে তোলা হবে।
বক্তব্যে সাইবার অপরাধের বৈশ্বিক প্রবণতা ও ঝুঁকি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সাইবার পরিসর তৈরি করে সংঘটিত অপরাধগুলো আধুনিক অপরাধ জগতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের কোনো কোনো রাষ্ট্রে মোট অপরাধের প্রায় ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা ডিজিটাল প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংঘটিত হচ্ছে। এই ধরনের প্রযুক্তিভিত্তিক অপরাধের ব্যাপক বিস্তারের কারণেই সরকার জাতীয় সুরক্ষায় সাইবার অপরাধ প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন